গোফরান পলাশ , কলাপাড়া (পটুয়াখালী): উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। উপকূলজুড়ে আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে। বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।
লঘুচাপের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের চাপও বেড়েছে। একই সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে উত্তাল অবস্থায়। তীরে আছড়ে পড়ছে ছোট-বড় ঢেউ। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস।
এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দেশের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে হাজার হাজার মাছধরা ট্রলার।
বৈরী আবহাওয়ায় হতাশা প্রকাশ করে জেলে আবদুর রশিদ বলেন, “আমাদের কপালে কী আছে জানি না। একদিকে সাগরে মাছ পাওয়া যাচ্ছে না, অন্যদিকে আবহাওয়ার এমন দুরবস্থা। আল্লাহর কাছে বলি, তিনি যেন আমাদের মতো গরিব মানুষগুলোর প্রতি দয়া করেন।”
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি মো. ফজলু গাজী বলেন, “সাগরে মাছ ধরতে যাওয়া সব ট্রলারই তীরে ফিরে আসছে। কিছুদিন আগেই শেষ হয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা, এর পরপরই শুরু হলো আবহাওয়ার এই পরিস্থিতি। জেলেসহ মাছ ব্যবসার সঙ্গে জড়িত সবাই চরম সংকটে পড়েছি। এখন আল্লাহর ওপরই ভরসা।”
তিনি আরও বলেন, এ অবস্থা চলতে থাকলে জেলে ও মৎস্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post