এস এম জামাল, কুষ্টিয়া : রথযাত্রা উপলক্ষে কুষ্টিয়া শহরের এনএস রোডজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিবছরের মতো এবারও সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে বসেছে অস্থায়ী দোকান। খৈ, বাতাসা, মুড়ি, মুড়কি, মিষ্টান্ন, মাটি ও কাঠের খেলনা, বাঁশি, বেলুন, কাঁচের চুড়ি এবং শিশুদের নানা সামগ্রীর পসরা নিয়ে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় জমে উঠেছে রথের মেলা।
বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী এই উৎসবের সঙ্গে খৈ-বাতাসা ও মুড়ি-মুড়কির সম্পর্ক দীর্ঘদিনের। এখনও অনেক পরিবার রথের মেলায় এসে ঐতিহ্যবাহী এসব খাবার কিনে বাড়ি ফেরেন। অনেকের কাছে এটি শুধু কেনাকাটার উপলক্ষ নয়, বরং শৈশবের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি আনন্দঘন আয়োজন।
মেলায় ঘুরতে আসা শিশুদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রঙিন খেলনা, বেলুন ও বাঁশির দোকানগুলোতে ছিল তাদের সবচেয়ে বেশি ভিড়।
দর্শনার্থী শিশু জারা বলে, “বাবার সঙ্গে রথের মেলায় এসে খেলনা কিনেছি। খুব ভালো লাগছে। প্রতি বছরই এখানে আসি।”
সন্তানকে নিয়ে মেলায় আসা গৌতম কুমার বলেন, “বাচ্চাদের জন্য মুড়ি-মুড়কি, খৈ-বাতাসা ও খেলনা কিনেছি। ছোটবেলায় যেমন রথের মেলায় আসতাম, এখন সন্তানদেরও সেই আনন্দ দেওয়ার চেষ্টা করি।”
তবে উৎসবের আনন্দের মাঝেও দুশ্চিন্তায় রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। টানা কয়েক দিনের থেমে থেমে বৃষ্টিতে অনেক সময় দোকানের পণ্য ঢেকে রাখতে বা গুটিয়ে ফেলতে হচ্ছে। ফলে প্রত্যাশিত বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন তারা।
ব্যবসায়ী করিম উদ্দিন বলেন, “রথের মেলাকে কেন্দ্র করে অনেক টাকা বিনিয়োগ করেছি। কিন্তু বৃষ্টির কারণে বারবার দোকান গুটাতে হচ্ছে। মুড়ি-মুড়কি নরম হয়ে গেছে। আবহাওয়া ভালো থাকলে বিক্রি আরও বেশি হতো।”
অন্যদিকে, এনএস রোডের দুই পাশে দোকান বসানোর কারণে পথচারী ও যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে ভোগান্তি। বিশেষ করে সন্ধ্যার পর দর্শনার্থীর সংখ্যা বেড়ে গেলে ইজিবাইক, রিকশা ও মোটরসাইকেলের চলাচল ধীর হয়ে পড়ে।
পথচারী রনি বলেন, “রাস্তার দুই পাশে দোকান থাকায় স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। শহরের মধ্যে ইজিবাইকে চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে।”
রথযাত্রার মেলা পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি বলেন, “রথযাত্রা আমাদের ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ উৎসব। সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন, যাতে সবাই নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন।”
স্থানীয়দের মতে, ধর্মীয় আচার-অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে রথযাত্রার এই মেলা এখন কুষ্টিয়ার অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। একই সঙ্গে এটি শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর মৌসুমি আয়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে উৎসবের আনন্দ অক্ষুণ্ন রাখতে যানজট নিয়ন্ত্রণ, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের জন্য সুশৃঙ্খলভাবে দোকান বসানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
খৈ-বাতাসার মিষ্টি স্বাদ, মুড়ি-মুড়কির কড়মড় শব্দ, শিশুদের উচ্ছ্বাস, বিক্রেতাদের ব্যস্ততা এবং মানুষের মিলনমেলায় প্রতি বছরই নতুন প্রাণ ফিরে পায় কুষ্টিয়ার এনএস রোড। ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ উৎসবের এই আয়োজন আজও কুষ্টিয়ার মানুষের কাছে প্রাণের উৎসব হিসেবে সমানভাবে জনপ্রিয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post