জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিমা গ্রামে ১৭ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মো. সামাদ আলী বিশ্বাস (৬৮) একই গ্রামের মৃত সাবদার আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ওই তরুণী নিজ বাড়িতে একা বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় তার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ রয়েছে, সেই সুযোগে প্রতিবেশী সামাদ আলী বিশ্বাস ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় পাশের বাড়ির এক নারী বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তরুণীর পরিবারের সদস্যরা ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সামাদ আলী বিশ্বাসকে গ্রেপ্তার করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post