মাহাবুল ইসলাম, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের যুব ও ছাত্রসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে ফুটবল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
শুক্রবার বিকেলে ইউনিয়নের জুগিরগোপা গ্রামে ছাত্র ও যুবকদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এর আগে একই উদ্যোগের অংশ হিসেবে ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামেও খেলাধুলার প্রসারে ফুটবল বিতরণ করেন।
এ সময় মনিরুজ্জামান মনি বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। এ লক্ষ্যেই তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে তিনি এ কর্মসূচি গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণদের মাঠমুখী করা গেলে তারা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং দেশ ও সমাজের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারবে।
আসন্ন ষোলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সার্বিক উন্নয়নে কাজ করতে চান। জনগণের সমর্থন পেলে জনসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ উদ্যোগকে ঘিরে উপস্থিত তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post