স্টাফ রিপোর্টার : জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, গত ১৭ বছরের প্রশাসনিক রাজনৈতিকীকরণের ধারা থেকে বেরিয়ে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে আয়োজিত চার দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিভিল সার্ভিস কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত অংশগুলোর একটি। তাই নিজেদের শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে বিবেচনা করে জনকল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকতা রক্ষা বা উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি গ্রহণের কোনো যৌক্তিকতা নেই। এসব উদ্যোগ তখনই অর্থবহ হবে, যখন তা সরাসরি জনগণের প্রকৃত কল্যাণে ভূমিকা রাখবে।
দেশে কার্যকর নীতি প্রণয়নের জন্য পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত রেজিমের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন পরিসংখ্যান ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়সহ বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। সঠিক নীতি গ্রহণের স্বার্থে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা সংস্থাগুলোর একটিতে পরিণত করা প্রয়োজন।
দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখনো কৃষি ও কৃষকদের ওপর নির্ভরশীল। তাই কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ভিত্তি করে অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি বা কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে।
পাশাপাশি দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের জন্য কারিগরি শিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post