গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় তৃণমূল পর্যায়ের ১২ জন নারী মৎস্য চাষিকে গৃহস্থালি পুকুরে মাছ চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী নারীদের হাতে এসব উপকরণ তুলে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবী পরিবারের সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)’ এর আওতায় পুকুরে মৎস্য চাষ প্রদর্শনী প্রকল্পের মাধ্যমে ১২ জন নারীকে এসব উপকরণ দেওয়া হয়।
প্রত্যেক নারী চাষি পেয়েছেন ১ বস্তা খৈল, ৬ বস্তা মাছের খাবার, ১০টি গাছের চারা, ৫ প্যাকেট সবজির বীজ, ১ কয়েল জাল এবং ২ হাজার পিস করে মাছের পোনা।
চম্পাপুর ইউনিয়নের উপকারভোগী মৎস্য চাষি মোসা. জাহানারা বেগম বলেন, প্রশিক্ষণ নিয়ে বাড়ির পুকুরে মাছ চাষ শুরু করার পর মৎস্য অফিসের পরামর্শে প্রথম বছরেই লাভের মুখ দেখেছেন তিনি। নতুন করে পাওয়া উপকরণ দিয়ে মাছ চাষ আরও ভালোভাবে করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ১২ ইউনিয়নের ১২ জন নারীকে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি দুটি অল-মেইল গলদা চিংড়ি চাষ প্রদর্শনী ও দুটি কার্প জাতীয় মাছ চাষ প্রদর্শনীর জন্য এয়ারেটর, চুন এবং প্রয়োজনীয় চিংড়ির রেনু ও মাছের পোনা সরবরাহ করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post