গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ডেগিরচরের একটি বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা সকালে বনের মধ্যে মরদেহটি আটকা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরনে ছিল একটি আন্ডারওয়্যার ও গায়ে হাফ টি-শার্ট। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এতে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মেঘনা নদী থেকে জোয়ারের পানিতে ভেসে মরদেহটি ডেগিরচরের বনে আটকা পড়ে।
এর আগে গত ১৬ জুলাই হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেটসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগান থেকেও অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post