আজিজুল হক দুলাল, পাটগ্রাম, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিলে নির্মাণকাজ বন্ধ করে সরে যায় বিএসএফ সদস্যরা।
গত সোমবার (২০ জুলাই) ও মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার পঁয়ষট্টিবাড়ী সীমান্তে দুই দফায় এ চেষ্টা চালানো হয় বলে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের প্রধান পিলার ৮৪৫-এর ১ নম্বর সাব-পিলার এলাকায় সোমবার দুপুরে বিএসএফ সদস্যরা সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করেন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। পরে বিজিবির আপত্তির মুখে নির্মাণসামগ্রী ও শ্রমিক নিয়ে চলে যায় বিএসএফ।
পরদিন মঙ্গলবার একই সীমান্তের প্রধান পিলার ৮৪৫-এর ১ ও ২ নম্বর সাব-পিলার এলাকায় আবারও খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে দুপুরে সীমান্ত এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের বুড়িমারী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন এবং ভারতের পানিশালা কোম্পানির কমান্ড্যান্ট ইন্সপেক্টর শচীন রায়সহ উভয় দেশের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া সীমান্তে কোনো ধরনের নির্মাণকাজ না করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
স্থানীয়দের ভাষ্য, বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি টহল জোরদার করেছে এবং বিএসএফও অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
এ বিষয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ ও ২১ জুলাই সীমান্ত পিলার ৮৪৫-এর ১ ও ২ নম্বর সাব-পিলার এলাকায় বিএসএফ সদস্যরা আগে স্থাপন করা বাঁশের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি বসানোর চেষ্টা করে। বিজিবির বাধার মুখে তারা কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post