গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. সফি উল্যাহ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক মো. ইউসুফ (২৭)-কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় সফি উল্যাহকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।
নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। আটক চালক মো. ইউসুফ উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে যান সফি উল্যাহ। সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
এসআই ইমদাদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post