গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুলাই সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে নুরুজ্জামান কাফি, তার বাবা ও বড় ভাই ভেকু মেশিন, ভ্যান, কোদাল ও খন্তা নিয়ে বিদ্যালয়ের রজপাড়া মৌজার বিএস ১২ নম্বর খতিয়ানের ৫৯ নম্বর দাগভুক্ত জমিতে প্রবেশ করেন। পরে তারা জমির মাটি কেটে আকার-আকৃতি পরিবর্তন করে রাস্তা নির্মাণের চেষ্টা করেন।
খবর পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম পাঁচজন সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দেন। অভিযোগে বলা হয়, এ সময় কাফি ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি শিক্ষকসহ উপস্থিতদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং প্রাণনাশ ও গুরুতর জখমের ভয় দেখান।
মামলায় আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা প্রায় ১১০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের প্রায় ৬ শতাংশ জমির অন্তত এক লাখ টাকার মাটি কেটে ট্রলিযোগে বিভিন্ন স্থানে সরিয়ে নেন এবং সেখানে কংকর ফেলে রাস্তা নির্মাণ করেন। এতে বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে নুরুজ্জামান কাফি গণমাধ্যমকে বলেন, সংশ্লিষ্ট জমির প্রকৃত ওয়ারিশরা দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছেন এবং তিনি তাদের কাছ থেকে বায়নামূলে জমিটি ক্রয় করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন।
এদিকে, কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া মামলাটি দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post