গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার পদে বহিরাগত নয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন নিয়ে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ শূন্য থাকায় প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের চাহিদা ও প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ভালোভাবে অবগত এমন একজন যোগ্য শিক্ষককে এ পদে নিয়োগ দেওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, নোবিপ্রবিতে ট্রেজারার হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন শিক্ষক থাকা সত্ত্বেও অন্য বিশ্ববিদ্যালয় থেকে কাউকে নিয়োগ দেওয়া হলে তা নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল্যায়নকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে যারা বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, তাদের যোগ্যতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীদের দাবি, বহিরাগত কেউ দায়িত্ব পেলে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও বাস্তবতা বুঝতে সময় লাগে। এতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি দায়বদ্ধতাও কমে যেতে পারে।
তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিজ ক্যাম্পাসের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post