স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।
তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করা হবে। নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে এবং একক প্রার্থী হলে প্রক্রিয়ায় ভিন্নতা থাকবে বলেও জানান তিনি।
সিইসি জানান, বৈঠকে মূলত রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রক্রিয়াগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখনো কোনো সম্ভাব্য তারিখ ঠিক হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে যথাসময়ে তা জানানো হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হলে তা জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষেই অনুষ্ঠিত হবে। তিনি নিজেই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর যদি একক প্রার্থী থাকেন, তাহলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য ইসি যেকোনো সময় প্রস্তুত রয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কমিশনের প্রস্তুতি চলছে।
ভোটার তালিকার বিষয়ে তিনি জানান, প্রয়োজনীয় তালিকা চেয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তালিকা পাওয়ার আশা করছে কমিশন।
সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে আইনে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
এদিকে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়টি বৈঠকে আলোচনায় আসেনি বলে জানিয়েছেন তিনি। সিইসি বলেন, বিষয়টি কমিশনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হলে তখন তা বিবেচনা করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post