মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর: প্রবীণ সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোন্দকার আবুল হাসনাত (খোন্দকার কিসমত) আর নেই। বুধবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গন, নিজ এলাকা টাঙ্গাইলের মির্জাপুরসহ বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
খোন্দকার কিসমত শুধু সাংবাদিক হিসেবেই নয়, একজন শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক, ক্রীড়াবিদ ও সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন। মানবিক মূল্যবোধ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে প্রতিবাদ করাই ছিল তার জীবনের অন্যতম আদর্শ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশায় যুক্ত হন। তিনি ভারতেশ্বরী হোমস ও মির্জাপুর ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। নব্বইয়ের দশকের পর রাজধানীকেন্দ্রিক সাংবাদিকতা শুরু করেন তিনি। কর্মজীবনে তিনি সাপ্তাহিক যায়যায় দিন, দৈনিক খবর, দৈনিক মানবজমিন, দৈনিক সমকাল, রাইজিংবিডি ডটকম এবং সর্বশেষ বাংলা নিউজ ২৪ ডটকমে সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক সংগঠনেও তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি মির্জাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি ছিলেন। এছাড়া কিংশুক মির্জাপুরের প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অর্থ বিষয়ক সম্পাদক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতায় তার অনুসন্ধানী ও ক্ষুরধার লেখনীর জন্য তিনি একাধিক পুরস্কার লাভ করেন।
তার মৃত্যুতে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, কুমুদিনী ওয়েল ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের চেয়ারম্যান রাজিব প্রসাদ সাহা, ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post