গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। ডাকাতরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার এসআই সায়মা সুলতানা ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতে একদল ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা সোনাপুর এলাকার ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে এবং হাত-মুখ বেঁধে রাখে।
ডাকাতরা ঘরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা এবং আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
এসআই সায়মা সুলতানা জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post