স্টাফ রিপোর্টার : র্যাব-১-এর কথিত গোপন আটককেন্দ্র ‘টিএফআই সেল’ পরিদর্শনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সেখানে আটকে রাখার তথ্য পাওয়া গেছে।
শনিবার (১ আগস্ট) ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমিনুল ইসলাম জানান, তদন্তে পাওয়া তথ্য, ভুক্তভোগীদের বক্তব্য ও অন্যান্য বর্ণনার সঙ্গে মিলিয়ে কয়েকটি নির্দিষ্ট কক্ষ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সালাহউদ্দিন আহমদকে রাখা হয়েছিল বলে যে তথ্য পাওয়া গেছে, সেই কক্ষটিও রয়েছে।
তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে ঘটনাস্থলের বাস্তব অবস্থা পর্যবেক্ষণের জন্য এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে। ট্রাইব্যুনালের অনুমতির ভিত্তিতে পরিচালিত এ পরিদর্শনের পর্যবেক্ষণ মেমোরেন্ডাম আকারে সংরক্ষণ করা হবে এবং তা মামলার নথির অংশ হবে।
চিফ প্রসিকিউটর জানান, টিএফআই সেলের ভবনে মোট ২২টি ছোট-বড় কক্ষ পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি এত সংকীর্ণ যে সেখানে স্বাভাবিকভাবে একজন মানুষের অবস্থান করাও কঠিন। তদন্তে পাওয়া অভিযোগ অনুযায়ী, এসব কক্ষে অনেককে হাত ও চোখ বেঁধে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, বিভিন্ন সময়ে আটক ব্যক্তিদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তে উঠে এসেছে। অনেককে পরে আদালতে হাজির করা হলেও অনেকে আর পরিবারের কাছে ফিরে আসেননি।
আমিনুল ইসলাম বলেন, তদন্তে এখন পর্যন্ত আড়াই শতাধিক নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান না পাওয়ার তথ্য পাওয়া গেছে। নিখোঁজদের তালিকায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ অনেকের নাম রয়েছে।
তিনি জানান, ব্যারিস্টার আরমানকে যে কক্ষে আটকে রাখার অভিযোগ করা হয়েছিল, সেটিও তদন্তকারীরা শনাক্ত করেছেন। একই সঙ্গে সালাহউদ্দিন আহমদকে র্যাব-১-এর স্থাপনায় আটকে রাখার পর ভারতে নেওয়ার তথ্যও প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।
পরিদর্শনের পর ট্রাইব্যুনাল ঢাকা সেনানিবাসের ভেতরে ডিজিএফআই-সংশ্লিষ্ট কথিত আরেকটি আটককেন্দ্র ‘জেআইসি’ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী শনিবার সেখানে যাওয়ার কথা রয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, সংবিধানের ৩৩ অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ৬১ ও ১৬৭ ধারায় গ্রেপ্তারের পর নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। তবে কথিত আয়নাঘরে আটক ব্যক্তিদের ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, অবৈধ আটক, গুম, নির্যাতন ও হত্যার অভিযোগ মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়তে পারে। এসব অভিযোগের তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
পরিদর্শনের সময় ভবনের কাঠামোয় পরিবর্তনের আলামত পাওয়ার কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, আগের কক্ষগুলো আড়াল করতে কিছু জায়গায় নতুন দেয়াল নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলো সরিয়ে কয়েকটি কক্ষের সন্ধান পাওয়া যায়।
আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের বর্ণনায় নিচতলার একটি কক্ষকে ‘ডেথ সেল’ বলা হয়েছে। রাষ্ট্রীয় বৈধ প্রয়োজনে ব্যবহার না হলে এতগুলো ছোট কক্ষ কেন তৈরি করা হয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্টদের জবাব দিতে হবে।
তিনি জানান, স্থাপনার অস্তিত্ব গোপন বা প্রমাণ নষ্টের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে এসব কর্মকাণ্ডের নির্দেশদাতা ও তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দায়ও ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ নীতির আওতায় তদন্ত করা হচ্ছে।
চিফ প্রসিকিউটরের দাবি, আয়নাঘর সংক্রান্ত অভিযোগগুলো তদন্তে বাস্তব ঘটনার সঙ্গে মিল পাওয়া গেছে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে প্রসিকিউশন কাজ করছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post