গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প নির্মাণের কারণে স্থানীয় মানুষের জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে বলে গণগবেষণায় উঠে এসেছে। বেসরকারি সংস্থা প্রান্তজনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে দুই বছরব্যাপী পরিচালিত এ গবেষণার ফলাফল মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, একশনএইডের সহকারী প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ধানখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
গবেষণায় জানানো হয়, ধানখালী এলাকায় কয়েকটি অপরিকল্পিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর স্থানীয় জনজীবন, পরিবেশ ও অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমানের সহযোগিতায় ২০ জন স্থানীয় বাসিন্দাকে নিয়ে এ গণগবেষণা পরিচালিত হয়।
গবেষণার ফলাফলে স্থানীয় মানুষের আর্থিক দুরবস্থা, সামাজিক সংকট বৃদ্ধি, ঐতিহ্যবাহী পেশার বিলুপ্তি, পরিবেশ দূষণ, সুপেয় পানির সংকট, বিশুদ্ধ বাতাসের অভাব, জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের ক্ষতি, মাটির লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস, জনস্বাস্থ্য ঝুঁকি, বিভিন্ন রোগব্যাধির বিস্তার, নারীদের ওপর লিঙ্গভিত্তিক নেতিবাচক প্রভাব এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির বিষয়গুলো উঠে আসে।
এ সময় গবেষণার ভিত্তিতে বিষাক্ত কয়লা বর্জ্য ও ফ্লাই অ্যাশের বিস্তার বন্ধ, বিনামূল্যে সোলার হোম সিস্টেম ও বায়োগ্যাস প্ল্যান্টসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি মোট পাঁচটি সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে গণগবেষণায় অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post