স্টাফ রিপোর্টার : দীর্ঘদিনের অপেক্ষার পর আজ বৃহস্পতিবার থেকে দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনের আগেই জাদুঘর ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এরই ধারাবাহিকতায় প্রথম দিনের জন্য বরাদ্দ ৯০০টি টিকিট বুধবার বিকেল ৪টার আগেই বিক্রি হয়ে যায়। এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ধারাবিবরণী, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, ঐতিহাসিক দলিল, ব্যক্তিগত ব্যবহৃত সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে আন্দোলনের নানা দিক তুলে ধরা হয়েছে।
দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জনকে মূল ভবনে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। এ জন্য তিনটি পৃথক সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে ৩০০ জন করে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন।
মর্নিং স্লট সকাল ১১টা থেকে দুপুর ১টা, মিড-ডে স্লট দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং ইভিনিং স্লট বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। টিকিটে উল্লেখিত সময়ের মধ্যেই মূল ভবনে প্রবেশ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। নির্দিষ্ট দিন ও সময়ের জন্য আগে থেকেই অনলাইনে অথবা জাদুঘরের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। কোনো দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে দর্শনার্থীদের পরবর্তী উপলভ্য স্লট বেছে নিতে হবে।
জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব জানিয়েছেন, উদ্বোধনের পরপরই বিপুল সংখ্যক দর্শনার্থীর চাপ সামাল দেওয়া কঠিন হতে পারে। তাই শুরুতে পরীক্ষামূলকভাবে সীমিত সংখ্যক দর্শনার্থীর জন্য সময়ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে।
উদ্বোধনের দিন টানা বৃষ্টির মধ্যেও অসংখ্য মানুষ জাদুঘরের মূল ফটকের সামনে অপেক্ষা করেন। দীর্ঘ সময় গেট বন্ধ থাকায় একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষুব্ধ জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী এবং শহীদ পরিবারের কয়েকজন সদস্য গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাদের সঙ্গে বাইরে অপেক্ষমাণ আরও অনেকে জাদুঘর প্রাঙ্গণে ঢুকে পড়েন। এ সময় সেখানে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থী আশরাফুল ইসলাম অভিযোগ করেন, নির্ধারিত সময়ে গেট খুলে দেওয়া হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। পরে আন্দোলনকারীদের কয়েকজন উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের ভাঙচুর বা সম্পদের ক্ষতি না করে শুধু ইতিহাস দেখেই ফিরে যাওয়ার জন্য।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post