গিয়াস রনি, নোয়াখালী: নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তিনটি আলোচিত হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-৩।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হন মামুন (৪২), মো. ফুরকান আলী (৩১) এবং মো. আবু সাইদহ ওরফে সাবিনুর (৪৫)।
র্যাব জানায়, বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের খেমচন্দ্রপুর বড় বাড়ির সামনে থেকে বিকেল সাড়ে ৩টার দিকে মামুনকে আটক করা হয়। তিনি সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম (৫৭) হত্যা মামলার আসামি। অর্থনৈতিক বিরোধের জেরে গত বছরের ২৬ নভেম্বর আব্দুর রহিমকে লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়নের কালারাইতা ব্রিজসংলগ্ন এলাকা থেকে ফুরকান আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি যৌতুকের দাবিতে স্ত্রী আখি আক্তারকে নির্যাতনের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি।
এদিকে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হানুবাইশ বাসস্ট্যান্ড এলাকা থেকে আবু সাইদহ ওরফে সাবিনুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে শাজাহানপুর এলাকায় সোহাগ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ রয়েছে।
র্যাবের ভাষ্য, তিনটি মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন






Discussion about this post