বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রামের বোয়ালখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চুরাখালি এলাকার বোয়ালখালী সানশাইন একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা তৈরি এবং গাছের প্রতি যত্নশীল মনোভাব গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, যুগ্ম অর্থ সম্পাদক মাহফুজ রকি, শুভাকাঙ্ক্ষী উজ্জ্বল শুক্ল দাশ এবং সাধারণ সদস্য ও সাহিত্যিক চট্ট রিয়াজ চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুন নাহার, সিনিয়র শিক্ষিকা শাহিদা আক্তার, ফারহানা শারমিনসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের সঠিক পরিচর্যা করতে হবে।
তারা বলেন, বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং পরিবেশ সচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post