গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-কুয়াকাটা-রাঙ্গাবালী) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে দেখতে চান উপকূলের লাখো মানুষ। মন্ত্রিসভায় সম্প্রসারণ ও রদবদলের সম্ভাবনার আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় চায়ের আড্ডায় জোরালো হচ্ছে এ দাবি।
স্থানীয়দের ভাষ্য, অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে স্বাধীনতার পর প্রথমবারের মতো এ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করেছেন তারা। এখন উপকূলের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রত্যাশা তাদের।
উপকূলবাসীর প্রত্যাশা, মন্ত্রী হলে মোশাররফ হোসেন বিপন্ন বেড়িবাঁধের টেকসই নির্মাণ, ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন সড়ক ও রেললাইন নির্মাণ, পায়রা সমুদ্রবন্দরকে কার্যকর ও পূর্ণাঙ্গভাবে সচল করা এবং বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোর উন্নয়নে ভূমিকা রাখবেন।
একই সঙ্গে কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি এবং পিছিয়ে পড়া উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রত্যাশাও করছেন তারা।
কুয়াকাটার গঙ্গামতির জেলে আলী মাঝি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আমাদের সাগরপাড়ের মানুষের দাবি, এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে চাই।”
নতুনপাড়া গ্রামের কৃষক ইদ্রিস গাজী বলেন, “স্বাধীনতার পর এই আসন থেকে প্রথমবারের মতো অর্ধ লক্ষ ভোটের ব্যবধানে আমরা মোশাররফ হোসেনকে বিজয়ী করেছি। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন পূরণ করবেন।”
কলাপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার বলেন, তরুণ প্রজন্ম দক্ষিণাঞ্চলের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রায় মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে দেখতে চায়।
কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাজল তালুকদার বলেন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু এবং ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক ও রেললাইন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তিনি।
কলাপাড়া চৌকি আদালতের আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড ও গণমাধ্যমে সক্রিয় ভূমিকার কারণে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে মোশাররফ হোসেনের গ্রহণযোগ্যতা রয়েছে। তাকে মন্ত্রিসভায় দেখতে চান তারা।
এদিকে, এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক পথচলা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কবি জসীমউদ্দীন হল শাখার সাবেক আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক। পাশাপাশি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপকূলবাসীর প্রত্যাশা, মন্ত্রিসভায় সুযোগ পেলে দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন, পর্যটন বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কলাপাড়া-কুয়াকাটা-রাঙ্গাবালী অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post