মীর আনোয়ার হোসেন টুটুল, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নিজ ঘর থেকে চার বছরের শিশু কন্যা ও মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের রাজমিস্ত্রি রাজিব মিয়ার স্ত্রী কণিকা আক্তার (২৪) এবং তাদের শিশু কন্যা রাজিয়া (৪)। ঘটনার সময় কাজের সন্ধানে স্বামী রাজিব সিলেটে অবস্থান করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রেম করে বিয়ের পর থেকেই অভাব-অনটন ও পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। পারিবারিক কলহের জেরে শুক্রবার সকালে কণিকা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শাশুড়িসহ প্রতিবেশীরা তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। ঘরে ফিরেই কণিকা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে যান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ঘরের আড়ার সঙ্গে কণিকার ঝুলন্ত দেহ এবং মেঝেতে শিশু রাজিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তি ও ক্ষোভের বশবর্তী হয়ে শিশু রাজিয়াকে গলা টিপে হত্যার পর মা কণিকা নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ওসি (তদন্ত) মো. ময়নাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post