রাশেদুজ্জামান, নওগাঁ: নওগাঁর রাণীনগর থানায় উদ্ধার হওয়া পাঁচটি চোরাই গরুর মধ্যে একটি সম্প্রতি একটি এঁড়ে বাছুরের জন্ম দিয়েছে। প্রায় এক মাস ধরে থানার হেফাজতে থাকা গরুগুলোর এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও প্রশংসার সৃষ্টি হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডলের তত্ত্বাবধানে বর্তমানে গরুগুলোর পরিচর্যা চলছে। চুক্তিভিত্তিক একজন লোকের মাধ্যমে নিয়মিত খাবার ও দেখভালের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পাঁচটি গরু ও নবজাতক বাছুর সবাই সুস্থ রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত জুলাই মাসে রাণীনগর, আত্রাই, বদলগাছি ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনা তদন্তে পুলিশ সুপারের নেতৃত্বে একাধিক বিশেষ দল গঠন করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে গরু চুরির সঙ্গে জড়িত নওগাঁর আসলাম নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরে ১৪ জুলাই সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা ও রাণীনগর থানা পুলিশ নাটোরের নলডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাবের সহযোগিতায় আসলামকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুলাই ভোর রাতে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামে অসিত নামে আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ এবং অসিতকে আটক করা হয়।
উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে একটি ছিল গর্ভবতী। প্রকৃত মালিকের সন্ধান না পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশনা অনুযায়ী গরুগুলো রাণীনগর থানার প্রাঙ্গণে রাখার ব্যবস্থা করা হয়।
ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, চলতি সপ্তাহের মধ্যে প্রকৃত মালিকের সন্ধান না পাওয়া গেলে আগামী সপ্তাহে আদালতের কাছ থেকে প্রকাশ্য নিলামের অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে নিয়ম অনুযায়ী নিলামে গরুগুলো বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ থেকে গরুগুলোর এতদিনের পরিচর্যা ও লালন-পালনের খরচ সমন্বয় করা হবে।
উদ্ধার করা গরুগুলোর প্রতি পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক আচরণ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post