স্টাফ রিপোর্টার : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিতের আবেদন জানিয়ে রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সোমবার রিটের ওপর আদেশ দেওয়ার জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছিলেন আদালত।
রিটে দাবি করা হয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। এতে তাদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী নির্বাচনে তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা বাতিল হবে না।
হাইকোর্টের রিট খারিজের মধ্য দিয়ে ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিতের আবেদনটি নিষ্পত্তি হলো।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন





Discussion about this post