স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিকে শুধু পেশা হিসেবে না দেখে জনগণের সেবা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইন ও বিচার বিভাগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সম্প্রতি পদোন্নতি পাওয়া এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
আইনমন্ত্রী বলেন, একজন কর্মকর্তা সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সরকারি প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয় এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পায়। একটি মন্ত্রণালয়ের সফলতা শুধু মন্ত্রী, সচিব বা শীর্ষ কর্মকর্তাদের ওপর নির্ভর করে না; বরং প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বশীল ভূমিকার ওপর এর কার্যক্রমের সাফল্য নির্ভরশীল।
তিনি বলেন, মন্ত্রণালয়ের প্রতিটি পর্যায়ের কর্মীর অবদান গুরুত্বপূর্ণ। দায়িত্ব ছোট-বড় যাই হোক, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে কাজ করলে পুরো প্রতিষ্ঠানের কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হয়। তাই সব কর্মীর অবদানের যথাযথ স্বীকৃতি প্রয়োজন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, পদোন্নতির সঙ্গে মর্যাদার পাশাপাশি দায়িত্বও বাড়ে। নতুন পদে কর্মকর্তাদের আরও দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘ কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান আইনমন্ত্রী। তাদের অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post