হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে মাত্র তিন দিনের ব্যবধানে তিনটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পর পর সংঘটিত এসব নৃশংস হত্যাকাণ্ডে পুরো উপজেলা জুড়ে তীব্র আতঙ্ক ও চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর)সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার সড়ক থেকে রাজা হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজা কামালপুর গ্রামের ইমাম আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত রাজার বন্ধু রিফাছ হোসেন (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়,অনলাইন জুয়ায় বড় অঙ্কের টাকা হেরে আর্থিক সংকটে পড়ে রিফাছ। পরে টাকা জোগাড়ের উদ্দেশ্যে বন্ধু রাজাকে ডেকে নিয়ে হত্যা করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে সে।
পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের মরার চরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সড়কির আঘাতে টেঙ্গুর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হন এবং অন্তত সাতজন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। বর্তমানে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায়।
সর্বশেষ গত শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে মাত্র ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটে আরেক মর্মান্তিক ঘটনা। পারিবারিক সূত্রে জানা যায়, বড় ভাই রাসেল ছোট ভাই ইমরানের কাছে ১০০ টাকা চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইমরান ধারালো হাসুয়া দিয়ে রাসেলের পায়ে কোপ দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রাসেলের মৃত্যু হয়।
পরপর এসব হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দৌলতপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তিনটি হত্যাকাণ্ডের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।
তিনি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে এই হত্যাকাণ্ডগুলোর পেছনে মাদক ও জুয়ার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। ওসি খালেদুর রহমান বলেন, “আমরা ইতিমধ্যেই রামকৃষ্ণপুর ও পিয়ারপুরের দুটি হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। অন্যদিকে, ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই খুনের সর্বশেষ ঘটনাটিতে ঘাতক ছোট ভাইকে গ্রেপ্তারে আমাদের পুলিশের জোর তৎপরতা চলছে।”
তিনি আরও কঠোর বার্তা দিয়ে বলেন, “দৌলতপুরে মাদক ও জুয়ার ব্যাপারে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন







Discussion about this post