মোমেছুর রহমান, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা ২৫০টি। অথচ এখান থেকে চিকিৎসা গ্রহণ করে প্রায় সারে ৪শ’ রোগী। বর্তমান চিকিৎসা না পেয়ে অনেক রোগী ফিরে যাচ্ছে।
নির্ধারিত রোগের চিকিৎসক না থাকায় অনেকেই ছুটে যাচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘদিন থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালটির চক্ষু, নাক কান গলা (ইএনটি), চর্ম ও যৌন বিভাগ বন্ধ রয়েছে।
এছাড়াও এ হাসপাতালটিতে চিকিৎসকদের ৭৮ টি পদ রয়েছে। এরমধ্যে ৩২ জন চিকিৎসক কর্মরত রয়েছেন আর ৪৬ টি পদ রয়েছে শূন্য। সেবিকা ২’শ ৪০ টি পদের মধ্যে রয়েছে ২’শ ৩৩ জন। সর্বমোট জনবল ৪’শ ৭ জন থাকার কথা থাকলেও রয়েছে ৩’শ ২ জন।
এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক/উপ-পরিচালক ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ইতিপূর্বে এ হাসপাতালে চক্ষু, নাক কান গলা (ইএনটি), চর্ম ও যৌন বিভাগ খোলা ছিল। মানসম্মত চিকিৎসা গ্রহণ করেছে রোগীরা। বর্তমান চিকিৎসক সংকটে এ বিভাগ গুলো বন্ধ রয়েছে। পূর্বে যে সকল চিকিৎসকগণ এ বিভাগ গুলোতে দায়িত্ব পালন করেছেন, এদের মধ্যে অনেকেই পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেছে। কেউ কেউ অবসর নিয়েছেন। এছাড়াও ইতিপূর্বে এখানে কুষ্টিয়া মেডিকেল কলেজের সকল কার্যক্রম চলেছে। মেডিকেল কলেজের বিভিন্ন চিকিৎসক এখানে রোগীদের সেবাদান করেছেন। যা এখন আর নেই।
কুষ্টিয়া মেডিকেল কলেজের সকল কার্যক্রম এখন মেডিকেল কলেজেই হচ্ছে। বর্তমান আমাদের চিকিৎসক সংকট দুরকরতে নতুনভাবে পদায়ন প্রয়োজন। তবে বর্তমান আরও ২০ জন চিকিৎসক পেলে এ হাসপাতালে রোগীদের সঠিক ভাবে চিকিৎসা দেয়া সম্ভব। নতুন করে চিকিৎসক নিয়োগ প্রয়োজন। আমরা এ বিষযটি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি। তিনি আরও বলেন, আগামী বছর ২০২৭ সালে প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান চিকিৎসক সংকটের কারনে রোগীরা আধুনিক চিকিৎসা সুবিধা পেতে এসে নানা সমস্যায় পড়ছে। অনেকেই না জেনে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করতে গিয়ে নির্ধারিত রোগের চিকিৎসক না থাকায় ফিরে যাচ্ছে। অপরদিকে বহিঃবিভাগে নানা রোগে আক্রান্ত ভর্তি রোগীদের সম্পূর্ণ চিকিৎসা পেতে হলে মূল্যবান অনেক ওষুধ বাইরের ফার্মেসী থেকে কিনতে হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে শয্যা সংখ্যার চেয়ে অধিক সংখ্যক রোগী রয়েছে। ওয়ার্ড গুলোতে ১৫ থেকে ২০টি করে শয্যা সংখ্যার ব্যবস্থা থাকলেও প্রতি ওয়ার্ডে গড়ে ৪৫ থেকে ৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। গড়ে প্রতিদিনই এ হাসপাতালে প্রায় ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ৫০/৬০ জন রোগী থাকে হাসপাতালের নোংড়া মেঝের অস্বাস্থ্যকর পরিবেশে। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার পূর্ণাঙ্গ কার্যক্রম কবে নাগাদ শুরু হবে তাও নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারছেন না। এই হাসপাতালের জন্য নতুন জনবল নিয়োগ দেয়া জরুরী হয়ে পড়েছে। কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের বহু প্রতিক্ষীত কুষ্টিয়া মেডিকেল কলেজ ও কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এর পূর্ণাঙ্গ কার্যক্রম এখনও শুরু না হওয়ায় বৃহত্তর কুষ্টিয়ার মানুষের দূর্ভোগ এখনও রয়েই গেছে। বর্তমান জনবলের প্রচুর অভাব রয়েছে। চিকিৎসকসহ বিভিন্ন শূন্যপদে লোক নিয়োগের নতুন কোন সার্কুলার দেয়া হয়নি। এমনকি কবে নাগাদ এই হাসপাতাল দু’টি পূর্ণাঙ্গভাবে চালু হবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কোন সময়ও কেউ বলতে পারছেনা। হাসপাতাল দু’টির পূর্নাঙ্গ কার্যক্রম শুরু হলে আরও শয্যা সংখ্যা বাড়বে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমান ৩’শ ২ জন লোকবল নিয়ে প্রায় ৪শ’ থেকে সারে ৪শ’ রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। বর্হিবিভাগে বর্তমান ৫ থেকে ৬শ’ রোগী চিকিৎসা নিচ্ছে। বর্তমান জনবলের অভাবে কর্মরত চিকিৎসক, রোগী ও ভুক্তভোগী মানুষের চরম কষ্ট পোহাতে হচ্ছে। এ সকল সমস্যাগুলো সমাধান এবং হলে আগের চেয়ে অনেক বেশী রোগী আরও উন্নত চিকিৎসা পাবে। কেননা এখানে আসবে একাধিক চিকিৎসক। ব্যবহার করা হবে আরও আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। এ অঞ্চলের রোগীরা উন্নত চিকিৎসার জন্য ছুটে যায় রাজশাহী অথবা ঢাকায়। কিন্তু কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলে রোগীদেরকে আর ঢাকা বা রাজশাহী যেতে হবেনা। তারা এখান থেকেই অনুরূপ চিকিৎসা সেবা পাবে। সেই সাথে নানা রকম হয়রানি ও ভোগান্তি থেকে বাঁচবে সাধারণ মানুষ, বাঁচবে অর্থ। গ্রামাঞ্চলের রোগীরা কুষ্টিয়ার মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য বর্তমান ছুটে আসলেও তারা সেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে হাসপাতাল দু’টির রোগীর সংখ্যা পূর্বের চেয়ে তিনগুন বেড়ে গেছে। বৃহত্তর কুষ্টিয়ার অধিবাসীর বহুদিনের আকাঙ্খার এই মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যার হাসপাতালটির পথ চলা আটকে আছে সামান্য কিছু সমস্যার কারনে। অচিরেই শুরু হোক এই হাসপাতাল দু’টির পূর্ণাঙ্গ কার্যক্রম। বৃহত্তর কুষ্টিয়ার মানুষের দূর্ভোগ, সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য এমপি মন্ত্রিদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন কুষ্টিয়াবাসী।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post