সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও ঢাকার ডেমরাসহ বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
গত বুধবার (১৪ অক্টোবর ২০২৬) প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে মো. মোসলেম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে এস এম আমীর হোসেন দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার, ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা এবং প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
বিল্লাল হোসেন রবিনের অভিনন্দন
সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “গঠনতন্ত্র অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হওয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য ও অধিকার রক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও আশা প্রকাশ করেন, মো. মোসলেম উদ্দিন ও এস এম আমীর হোসেনের নেতৃত্বে নতুন কমিটি সাংবাদিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার পাশাপাশি বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা
সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন ও সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ; আড়াইহাজার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান; সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস; ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম; বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম ইসলাম; নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক নাবিলা শারমিন ও সদস্যসচিব জিহাদ হোসেন এবং ডেমরা থানা প্রেস ক্লাবের সভাপতি এম আই ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কার্যনির্বাহী কমিটি সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সহযোগিতা জোরদার করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটির সফল ও ফলপ্রসূ কার্যকাল কামনা করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post