মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে মাসব্যাপী শীতকালীন ফুলের বাগান কার্যক্রমের জমকালো উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (তারিখ ০৪-১১-২৬ইং দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নান্দনিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম এমপি।
উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথি শাহাদাত হোসেন সেলিম বলেন, “উপজেলা পরিষদ সরকারি সেবার অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিদিন এখানে হাজারো মানুষ আসেন। এই প্রাঙ্গণকে পরিচ্ছন্ন ও ফুলে ফুলে সুশোভিত করার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়াবে না, বরং সেবা নিতে আসা সাধারণ মানুষের মনেও এক ধরনের প্রশান্তি এনে দেবে।” তিনি উপজেলার অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকেও এমন পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক এবং রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী।
এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উপজেলা পরিষদের সৌন্দর্য ও পরিবেশের গুণগত মান বাড়াতে এই বাগানে বিভিন্ন প্রজাতির দুর্লভ ও দৃষ্টিনন্দন শীতকালীন ফুলের চারা রোপণ করা হচ্ছে, যা পুরো পরিষদ প্রাঙ্গণকে একটি দৃষ্টিনন্দন রূপ দেবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post