আল সাইফ লিমু, নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য হাসিব চৌধুরী।
আজ ৭/১১/২০২৬ রাত ৯টার ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। এ উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাসিব চৌধুরী।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এ জলবায়ু সম্মেলন।
এতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশগ্রহণ করবেন।
এবারের সম্মেলনে বৃক্ষরোপণ, কার্বন ক্রেডিট, জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সহযোগিতা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও বাস্তুচ্যুতির মতো নানা সংকট মোকাবিলা করছে দেশটি। এমন বাস্তবতায় আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকট, সম্ভাবনা এবং তা মোকাবিলায় তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও কার্যকর সমাধানের প্রস্তাব তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে।
সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে হাসিব চৌধুরী জানান, কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জলবায়ু বাস্তবতা এবং তরুণ প্রজন্মের চিন্তা, প্রত্যাশা ও সম্ভাবনাগুলো তুলে ধরতে তাঁর এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মিল্লাদ হোসেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সফর শিক্ষার্থী ও দেশের জন্য সুফল বয়ে আনবে এই প্রত্যাশা করেছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post