কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নাবিল হাসান (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব নাশকতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা কুশলা নেছারিয়া ফাজিল মাদরাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ এবং ভাঙারহাট টিটি উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়। একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এবং টুপুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি করে।
কুশলা নেছারিয়া ফাজিল মাদরাসার সুপার বাকের হোসেন বলেন, সোমবার রাতে কে বা কারা আমাদের মাদরাসার গেটে তালা লাগিয়ে দিয়েছিল। সকালে আমরা প্রতিষ্ঠানে এসে তালা ঝুলতে দেখি এবং পরবর্তীতে তা ভেঙে ভেতরে প্রবেশ করি। তবে নাশকতাকারীদের এমন অপচেষ্টা সত্ত্বেও অন্যদিনের মতো আজও আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাবিল হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ার বাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে। তিনি আরও জানান,নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আজকের হরতালের তেমন কোন প্রভাব এ উপজেলায় পড়েনি। অন্যান্য দিনের মতো আজকেও জনজীবন স্বাভাবিক রয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post