Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 13 November, 2026.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এসএম জামাল, কুষ্টিয়া : বেকারত্বের হতাশা নয়, নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের কাজের সুযোগ করে দেওয়ার স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার যুব উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম। সেই স্বপ্নের কেন্দ্রে রয়েছে মাশরুম।

দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও নিরলস প্রচেষ্টায় তিনি গড়ে তুলেছেন ‘এসএম মাশরুম সেন্টার’। যেখানে শুধু মাশরুম উৎপাদনই নয়, বীজ তৈরি, কাঁচামাল প্রস্তুত, পরীক্ষাগারে গবেষণা ও মান নিয়ন্ত্রণ, উদ্যোক্তা তৈরি এবং মাশরুম দিয়ে বিভিন্ন মুখরোচক খাবার উৎপাদন, সবকিছুই চলছে একই জায়গায়। তার লক্ষ্য, কুষ্টিয়ায় একটি পূর্ণাঙ্গ মাশরুম শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি একদিন বাংলাদেশের মাশরুম বিদেশের বাজারেও পৌঁছে দেওয়া।

কুষ্টিয়া শহরতলির জগতি-বাড়াদী সেতুর পাশে সাইফুলের নিজ হাতে গড়ে তোলা এসএম মাশরুম সেন্টার। প্রতিষ্ঠানে ঢুকতেই চোখে পড়ে সারি সারি তাকে সাজানো মাশরুম চাষের ব্যাগ। কোথাও সাদা মাশরুমের সমারোহ, কোথাও চলছে পরিচর্যা, আবার কোথাও কর্মীদের ব্যস্ত হাতে সংগ্রহ করা হচ্ছে সদ্য উৎপাদিত মাশরুম। পাশেই তৈরি হচ্ছে মাশরুম চাষের প্রয়োজনীয় কাঁচামাল ও উৎপাদন উপকরণ। রয়েছে বীজ উৎপাদনের ব্যবস্থা এবং আধুনিক পরীক্ষাগার। সব মিলিয়ে এটি কেবল একটি মাশরুমের খামার নয়, বরং মাশরুমকে ঘিরে একটি সমন্বিত শিল্পব্যবস্থা গড়ে তোলার প্রয়াস।

সাইফুল ইসলাম জানান, ২০০৮ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে মাশরুমের প্রতি তার আগ্রহ তৈরি হয়। ২০১৮ সালে সেই আগ্রহ পরিণত হয় নেশা ও পেশায়। দীর্ঘদিন ধরে মাশরুম চাষ, উৎপাদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে করতে অর্জন করেন নানা অভিজ্ঞতা। দেশি-বিদেশি প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেই গড়ে তোলেন এই প্রতিষ্ঠান। বর্তমানে দেশের বিভিন্ন স্থানেও মাশরুম চাষের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি।

সাইফুলের উদ্যোগের অন্যতম বিশেষত্ব হলো, মাশরুম উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ ও কাঁচামালের ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা।

তিনি বলেন, নিজের প্রতিষ্ঠানেই তৈরি করছেন চাষের উপযোগী ব্যাগ, কাঁচামাল ও বীজ। পরীক্ষাগারে বিভিন্ন উপকরণ ও উৎপাদনসংশ্লিষ্ট বিষয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মান নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এতে উৎপাদনের শুরু থেকে বাজারজাতকরণ পর্যন্ত একটি নিজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা করেছেন। তার মতে, মাশরুম চাষকে বৃহৎ শিল্পে রূপ দিতে হলে উৎপাদনের প্রতিটি ধাপকে পরিকল্পিত ও মানসম্মত করতে হবে।

তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিস এবং সাভারে অবস্থিত মাশরুম গবেষণা কেন্দ্র থেকে নিয়মিত বিভিন্ন ধরনের সহযোগিতা পাচ্ছেন।

এসএম মাশরুম সেন্টারে বর্তমানে ওয়েস্টার, মিল্কি, ঋষি ও হিরিঞ্জি জাতের মাশরুম চাষ করা হচ্ছে। প্রায় দুই বিঘা জমির ওপর গড়ে তোলা এই প্রকল্পে প্রতিদিন ৮০ থেকে ৯০ কেজি মাশরুম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে বর্তমানে গড়ে ৪০ থেকে ৫০ কেজি মাশরুম সংগ্রহ করা সম্ভব হচ্ছে। উৎপাদিত মাশরুম প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করা হয়। পাশাপাশি মাদার স্পন, বাণিজ্যিক স্পন ও খড়ের স্পন তৈরি করা হচ্ছে।

মাশরুম উৎপাদনে খড়, ধানের গুঁড়া, ধানের তুষ, কাঠের গুঁড়া, গমের ভুসি, চুন ও পানি ব্যবহার করা হয়। বীজ উৎপাদন সম্পর্কে সাইফুল বলেন, এ কাজে ঝুঁকি রয়েছে। সামান্য অসতর্কতায় বীজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই অত্যন্ত সতর্কতা ও পরিচ্ছন্নতার সঙ্গে বীজ তৈরির কাজ করতে হয়।

কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুপালী খাতুন বলেন, সাইফুল আমাদের অফিসের মাধ্যমেই প্রথম মাশরুম চাষে আগ্রহী হন। এরপর নিয়মিত প্রশিক্ষণ ও মাশরুম চাষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ফলে তিনি এ কাজে বেশ ভালো করছেন। তার সহযোগিতায় আরও অনেক যুবক-যুবতী মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন, যা আমাদের জন্য ইতিবাচক।

তবে নিজের প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না সাইফুল। তার উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে বেকার যুবক, শিক্ষার্থী ও গৃহিণীরা আসছেন মাশরুম চাষের প্রশিক্ষণ নিতে। এখানে তাত্ত্বিক ধারণার পাশাপাশি হাতে-কলমে শেখানো হচ্ছে মাশরুম উৎপাদন, পরিচর্যা, বীজ ও কাঁচামাল ব্যবস্থাপনার পদ্ধতি। প্রশিক্ষণ নিয়ে কেউ নিজ এলাকায় খামার গড়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউ ইতোমধ্যে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন।

চুয়াডাঙ্গা থেকে প্রশিক্ষণ নিতে আসা হিমেল বিশ্বাসও মাশরুম চাষকে আত্মকর্মসংস্থানের একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখছেন। প্রশিক্ষণ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজের এলাকায় মাশরুম চাষ শুরু করার পরিকল্পনা রয়েছে তার। অন্যদিকে উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থী সৈয়দ গোলাম মারুফ মনে করেন, মাশরুম চাষে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সঠিক জ্ঞান অর্জন করা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে সেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে।

এদিকে মাশরুমের বহুমুখী ব্যবহার বাড়াতেও আলাদা উদ্যোগ নিয়েছেন সাইফুল। খামারের পাশেই গড়ে তুলেছেন মাশরুম দিয়ে বিভিন্ন খাবার তৈরির ব্যবস্থা। এখানে তৈরি হচ্ছে মাশরুম স্যুপ, মাশরুমের কাবাব, টিকিয়া, চপ ও বড়াসহ নানা ধরনের মুখরোচক খাবার। সকাল থেকে রাত পর্যন্ত চলছে খাবার প্রস্তুত ও বিক্রির কার্যক্রম। এর ফলে উৎপাদিত মাশরুমের সরাসরি বাজার তৈরির পাশাপাশি ভোক্তাদের কাছে নতুন ধরনের খাবার পরিচিত হচ্ছে। একই সঙ্গে তৈরি হচ্ছে অতিরিক্ত আয়ের সুযোগ ও কর্মসংস্থান।

প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার মুসা করিম জানান, মাশরুমের তৈরি খাবার ক্রেতাদের কাছে পৌঁছে দিতে তারা কাজ করছেন। উৎপাদিত মাশরুম ও প্রক্রিয়াজাত খাবার বিক্রির মাধ্যমে বাজার সম্প্রসারণের চেষ্টা চলছে। মাশরুমের ব্যবহার যত বাড়বে, ততই বাড়বে এর চাহিদা ও উৎপাদনের সুযোগ।

সাইফুলের স্বপ্ন অবশ্য এখানেই থেমে নেই। ছোট পরিসরের এই উদ্যোগকে তিনি একটি আধুনিক মাশরুম শিল্পপ্রতিষ্ঠানে রূপ দিতে চান। যেখানে বৃহৎ পরিসরে মাশরুম উৎপাদন, বীজ ও কাঁচামাল তৈরি, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের পাশাপাশি থাকবে রপ্তানির ব্যবস্থাও। তার প্রত্যাশা, পরিকল্পিত বিনিয়োগ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে বাংলাদেশের মাশরুম আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে।

তবে এই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা অর্থের সংকট। প্রয়োজনীয় জ্ঞান, অভিজ্ঞতা ও উদ্যোগ থাকলেও বৃহৎ পরিসরে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার মতো আর্থিক সক্ষমতা তার নেই। এজন্য সরকারি-বেসরকারি পর্যায়ে বিনিয়োগ, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি। তার বিশ্বাস, উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো গেলে মাশরুম চাষ শুধু ব্যক্তিগত কর্মসংস্থানের মাধ্যম থাকবে না; হয়ে উঠতে পারে গ্রামীণ অর্থনীতি, নারী ক্ষমতায়ন ও বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

মাশরুম চাষ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন দেখছেন কৃষি বিপণন অধিদপ্তর কুষ্টিয়ার সিনিয়র বাজার কর্মকর্তা ইশরাত জাহান মুন। কৃষি বিপণন অধিদপ্তরের অন-দ্য-জব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে মাশরুম নিয়ে কাজ শুরু করেছেন তিনি। শুধু উৎপাদন নয়, মাশরুম থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ইতোমধ্যে কয়েকজনকে এ কার্যক্রমে যুক্ত করেছেন। এর মাধ্যমে নিজের উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করছেন তিনি। তিনি বলেন, মাশরুমের চাষ ও প্রক্রিয়াজাতকরণে পরিকল্পিত উদ্যোগ, কারিগরি প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে কুষ্টিয়ায় সম্ভাবনাময় একটি ক্ষুদ্র খাদ্যশিল্প গড়ে উঠতে পারে।

একজন যুবকের হাত ধরে কুষ্টিয়ায় গড়ে ওঠা এসএম মাশরুম সেন্টার এখন অনেকের শেখার ও কাজের জায়গা। নিজের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি অন্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে চেষ্টা সাইফুল করছেন, তা স্থানীয় কৃষি ও কর্মসংস্থানে নতুন মাত্রা যোগ করেছে। তার স্বপ্নের পূর্ণতা পেতে প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ, বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাবান্ধব সহযোগিতা।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভেড়ামারায় ৪৩.৭ কেজি জাটকা ইলিশ জব্দ

Next Post

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Next Post
ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist