ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মুক্তির নির্বাচনী পোস্টারে ‘জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ লেখা হয়েছে।
এ আসনে আওয়ামী লীগের দু’জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ওই আসনের বর্তমান এমপি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে সভা করে জাপার প্রার্থী মুক্তিকে সমর্থন দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। খালিদ এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আকন্দকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু আসন সমঝোতায় আওয়ামী লীগ এ আসন থেকে দলীয় প্রার্থী প্রত্যাহার করে নেয়। এখানে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট বদর উদ্দিন আহমদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। জাপার প্রার্থী নির্বাচনী পোস্টারে ‘আওয়ামী লীগ সমর্থিত’ উল্লেখ করায়, বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম জাপার প্রার্থীর পোস্টারে আওয়ামী লীগ সমর্থিত লেখার প্রতিবাদ করেন। তিনি বলেন, জাপার প্রার্থী মহাজোটের নয়। আওয়ামী লীগ সমর্থিত লেখা অন্যায়।
এর আগে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী পোস্টারে ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ লেখা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post