হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একতার মিয়া (৫৬) নামক এক ব্যক্তি নিহত এবং ১২ জন আহত হয়েছেন।শুক্রবার (৫এপ্রিল) বিকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার খাঁ ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত একতার মিয়া উপজেলার উত্তর আব্দুল্লাপুর গ্রামের বাইন্না বাড়ীর বাসিন্দা ছমেদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় প্রভাবশালী এ দুই চেয়ারম্যানের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জেরে ইতালিতে আব্দুল্লাপুর প্রবাসীদের ‘ভেনাস’ নামক একটি আঞ্চলিক সমিতিতে সাবেক ও বর্তমান চেয়াম্যানের নিকটতম আত্মীয়দের মধ্যে বিরোধ দেখা দিলে সমিতির সদস্যরা মুক্তার খাঁ সমর্থক মতিউর-ফখরুল ও আনোয়ার খাঁ সমর্থক আরফান মাষ্টার-আমির হোসেন দু’গ্রুপে বিভক্ত হয়ে বিবাদে জড়িয়ে পড়ে।
মূলত সে বিবাদের জেরে বৃহস্পতিবার (৪এপ্রিল) উভয় গ্রুপের মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষের উপক্রম হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিন্তু পরদিন শুক্রবার (৫এপ্রিল) আবার দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই একতার মিয়া নিহত ও ১২জন আহতের এ ঘটনা ঘটে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। তাছাড়া এ ঘটনায় বর্তমান চেয়ারম্যান আনোয়ার খাঁ ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন






Discussion about this post