কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম এলাকা থেকে পুলিশি অভিযানে একাধিক মামলার আসামি মোঃ আবুল কালাম ওরফে কালু (৫৫) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৫) রাত ১২টা ৪৫ মিনিটে খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। কালুর গ্রেফতারের ঘটনায় নিজ এলাকা বনগ্রামে জনমনে ফিরেছে স্বস্তি ।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ আবুল কালাম ওরফে কালু (৫৫) খোকসা থানার মামলা নং-০৪/৮৬, তারিখ-২২/০৭/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোডের অন্যতম আসামি। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি ও দস্যুতার জড়িত ছিল। কালুর কারনে গ্রামের সাধারণ মানুষের মধ্যে সে ছিল আতঙ্কের প্রতীক।
এছাড়া পাবনা জেলার বেড়া থানার একটি চাঁদাবাজি ও হত্যা মামলায় কালু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও বর্তমানে জামিনে ছিল। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন এবং মারামারি সহ অন্তত ১০টি মামলা রয়েছে ।
নাম পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় গ্রামবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে কালুর ত্রাসে গ্রামের সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছিল না। গ্রেফতারের খবরে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা আরো জানান , কালুর মতো অন্যান্য সন্ত্রাসীর বিরুদ্ধেও পুলিশের অভিযান অব্যাহত থাকা উচিত।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় খোকসা থানার একটি বিশেষ দল। পরে নিজ বাড়ি থেকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, কালু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০মামলা রয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।
এবি//দৈনিক দেশতথ্য//
প্রিন্ট করুন









Discussion about this post