ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
“আমার অনার্স শেষ হয়েছে। পূর্বে শুধু পরীক্ষা দিতে এসেছিলাম। তখন কেউ কিছু বলেনি।
আজ মাস্টার্সের পরীক্ষা দিতে আসলে তারা আমকে আটক করে।”— ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অংশ নিতে এসে শাখা ছাত্রদল নেতাকর্মীদের হাতে আটক হওয়ার পর এমন মন্তব্য করেছেন নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সাবেক নেতা।
আটককৃত শিক্ষার্থী অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হুসাইন তুষার। তিনি নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম তাকে ইবি থানায় সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ অর্থনীতি বিভাগে মাস্টার্সের ক্লাস করতে আসেন এই ছাত্রলীগ নেতা।
এসময় ছাত্রদলের কর্মীরা তাকে মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ইবি থানায় সোপর্দ করে।
শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে ওই শিক্ষার্থী নানা অপকর্মে জড়িত ছিল। সে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটিতে অনেকের নামই বাদ পড়েছে। সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকা সত্ত্বেও প্রশাসন বা পুলিশ কেউই ব্যবস্থা নেয়নি। বর্তমানে ছাত্রলীগ আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছে। কয়েকদিন আগে উপাচার্য নিয়োগ বোর্ড নিয়ে বলেছিলেন, “আমরা মেধা দেখি, দল দেখি না।” সম্ভবত এই মন্তব্যের পর থেকেই ছাত্রলীগ ক্যাম্পাসে ফের সক্রিয় হওয়ার সাহস পাচ্ছে কিনা সেটি ভেবে দেখার বিষয়।
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, “শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে আমরা তাকে ইবি থানায় হস্তান্তর করেছি। প্রশাসনের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “সে বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে নির্দেশ দেবে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।”
প্রিন্ট করুন










Discussion about this post