মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি উৎসাহিত করতে নবজাতক জন্মের সাথেই মায়েদের হাতে জন্ম সনদ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম নবজাতকের মায়েদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ।
জেলা প্রশাসক বলেন, নরমাল ডেলিভারি মা ও শিশুর জন্য বেশি উপকারী। সিজারিয়ান অপারেশন হলে সারাজীবন শারীরিক ভোগান্তি বয়ে বেড়াতে হয়। তাই মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে শুভেচ্ছা স্মারক ও জন্ম সনদ প্রদান করা হচ্ছে।
নবজাতকের মা শারমিনা আক্তার জানান, অল্প খরচে সুস্থভাবে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে আমার সন্তান জন্ম হয়েছে, এটা আমাদের জন্য অনেক স্বস্তির।
তার স্বামী তরিকুল ইসলাম বলেন, সিজারিয়ানে গেলে লাখ টাকার মতো খরচের আশঙ্কা থাকে। কিন্তু নরমাল ডেলিভারিতে স্বল্প খরচে মা ও নবজাতক দ্রুত সুস্থ হয়ে ওঠে।
নার্সরা জানান, সাধারণত নরমাল ডেলিভারির ক্ষেত্রে মা ২৪ ঘণ্টার মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। তবে সিজারিয়ান হলে তিন মাস পর্যন্ত বিশ্রামে থাকতে হয়, ব্যয়ও বেড়ে যায় এবং শারীরিক কষ্টও বৃদ্ধি পায়।
প্রিন্ট করুন








Discussion about this post