জাহিদ হাসান:
দেশের বৃহত্তম গঙ্গা-কপোতাক্ষ জিকে সেচপ্রকল্পের বেহাল দশা। দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে এই প্রকল্পের ১২ টি সাব পাম্প।প্রধান ৩ টি পাম্পেরও বিকল ১ টি। ফলে ব্যাহত হচ্ছে কুষ্টিয়াসহ আশেপাশের ৪ জেলার সেচ ব্যবস্থা।
এতে বিপাকে প্রায় কয়েক লাখ কৃষক। তবে কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ের মধ্যে পাম্পগুলো সচল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত দেশে বৃহত্তম জিকে সেচপ্রকল্প। যা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প নামেও পরিচিত। ১৯৫৪ সাল থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সেচ কার্যক্রম চালিয়ে আসছে। তবে দীর্ঘদিন ধরে প্রকল্পটির বেশ কিছু পাম্প বিকল থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ২০০২ সাল থেকে বিকল রয়েছে জিকে সেচপ্রকল্পের ১২ টি সাব পাম্প। আর প্রধান ৩ টি পাম্পের মধ্যে ২ টি পাম্পই বিকল হয়ে যায় ২০২১ সালে। তবে একটি পাম্প কোনরকম মেরামত করা সম্ভব হলেও একটি পাম্প এখনো রয়েছে নষ্ট।
এই জিকে সেচ প্রকল্পের আওতায় দক্ষিন-পশ্চিম অঞ্চলের ৪ জেলার ১৩ টি উপজেলার ১ লক্ষ ৯৭ হাজার হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালিত হয়। তবে দীর্ঘদিন ধরে পাম্পগুলোর এমন অচল অবস্থায় ব্যাহত হচ্ছে সেই সেচ কার্যক্রম। এতে বিপাকে প্রায় কয়েক লাখ কৃষক। দ্রুত পাম্পগুলো সচল করার দাবী তাদের।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, এ সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শুধু অনুমোদনের অপেক্ষায়।
দেশের প্রথম এই সেচ প্রকল্পের সমস্যাগুলো দ্রুতই করা হবে সমাধান, আবারো পুরোদমে ফিরবে সেচ কার্যক্রম, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের কৃষকদের।
প্রিন্ট করুন








Discussion about this post