ইরফান উল্লাহ, ইবি :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসন।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে এই শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, ইবি ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজ মহান সিপাহী জনতা বিপ্লব ও সংহতি দিবস। আজকের এই দিনে ভারতীয় আগ্রাসনবাদী ও তদানীন্তন আওয়ামী শাসনামলের কবল থেকে এদেশকে মুক্ত করার জন্য ঢাকার রাজপথে জনতা এবং সিপাহীরা মিলিত হয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কারাগার মুক্ত করে এনেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আস্থা স্থাপন করেছিল সিপাহী এবং জনতা। কারণ এই মুক্তির যে আকাঙ্ক্ষা সবার মধ্যে জাগ্রত হয়েছিল। সেই মুক্তির আকাঙ্ক্ষাই জনগণের মুক্তির প্রতিফলন হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হয়েছিলেন। জনতাই তাকে সেদিন রাষ্ট্রনায়কের মর্যাদা দিয়েছিল।”
তিনি আরও বলেন, “তিনি সংবিধানে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মুল্যবোধ যোগ করে দেশের সকল মানুষকে একত্রিত করেন। ইসলামী মুল্যবোধ জাগ্রত করতে পঞ্চম সংশোধনীতে বিসমিল্লাহর রাহমানির রাহিম সংযোজন করেন এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে ঐক্য এবং সংহতির ভিত্তি হিসেবে বাংলাদেশী জাতীয়বাদকে পুনরুজ্জীবিত করেছেন।”
এর আগে বেলা এগারোটার দিকে জিয়া পরিষদ, ইউট্যাব, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
প্রিন্ট করুন









Discussion about this post