বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। একই সঙ্গে তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
রবিবার বিকেলে গাংনীর বামুন্দী বাজারে ৩১ দফা প্রচার, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব বুলবুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন আর রশিদ বাচ্চু, উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল বারী মোতালেব, সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাসিরুল আজিজ হাসান প্রমুখ।
সভা-সেমিনার থেকে শুরু করে ঘরে ঘরে গিয়ে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ৩১ দফার গুরুত্ব ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের যে স্বপ্ন তারেক রহমান দেখিয়েছেন, সেই ৩১ দফার বাস্তবায়নই বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেবে।” জাভেদ মাসুদ মিল্টন আরও বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক অগ্রগতির দিকনির্দেশনা। এ কর্মসূচিতে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভবিষ্যৎ পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশ আরও এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
গণসংযোগে অংশ নিয়ে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, অনেক আগেই ধানের শীষের প্রচারণা শুরু হয়েছে। জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি অর্থ ও স্বার্থের লোভে বেশ কিছু নেতাকর্মীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও তারা জনগণের সাথে সম্পৃক্ত নয়। দীর্ঘদিন ধরে নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকা ত্যাগী নেতা জাভেদ মাসুদ মিল্টনই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের যোগ্য দাবিদার বলেও মন্তব্য করেন তিনি।
প্রিন্ট করুন






Discussion about this post