ওপেলিয়া কনি, মিরপুর, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ। তিনি বলেন, কোর রোড নেটওয়ার্ক হলো সড়ক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অধিকারপ্রাপ্ত অংশ, যা গ্রামীণ জনপদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেকসই উন্নয়ন নিশ্চিত ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এটি অত্যন্ত জরুরি।
কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস বিশেষজ্ঞ প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। তিনি প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের মাধ্যমে কীভাবে গ্রামীণ সড়কগুলির কার্যকর পরিকল্পনা ও অগ্রাধিকার তালিকা তৈরি করা যায়, সে বিষয়ে আলোকপাত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আহসান হাবিব, সহকারী প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহীর মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কামাল আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
কর্মশালায় গ্রামীণ সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকারমূলক বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post