মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন দশম শ্রেণির শিক্ষার্থী সপ্না খাতুন।
সোমবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ২০২২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন, নানা প্রলোভন দেখিয়ে প্রধান শিক্ষক রাজু আহমেদ তাকে অফিস কক্ষে ডেকে নেন।তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ওই ঘটনার পর থেকে ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বিভিন্ন সময় স্কুলের অফিস রুমসহ নানা স্থানে ভুক্তভোগীকে বারবার ধর্ষণ করেন রাজু মাষ্টার।
এছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কুষ্টিয়া শহরের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে স্ত্রীর পরিচয় দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে। সর্বশেষ ঘটনার দিন স্কুল ছুটির পর অফিসে ডেকে দরজা-জানালা বন্ধ করে একাধিকবার ধর্ষণ করেন তিনি। নিরুপায় হয়ে শিক্ষার্থী আদালতে মামলা করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/১০ ধারায় ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর রাজু মাষ্টারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাকে রক্ষায় বিভিন্ন অপপ্রচার চালানো হলেও তিনি ঘটনার পর থেকে পলাতক। শিক্ষার্থী ও গ্রামবাসীরা এরই মধ্যে মানববন্ধন করেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাকে সাময়িক বরখাস্ত করেছে, তবে দাবি উঠেছে স্থায়ী বহিষ্কারের।
মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে রাজু আহমেদের ফোন বন্ধ পাওয়া যায়।
মামলার আইনজীবী শাহরিয়ার মাহমুদ শাওন জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে গাংনী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল বলেন, আদালতের কাগজপত্র এখনও থানায় আসেনি। পেলেই মামলা রেকর্ড করে তদন্ত শুরু করা হবে এবং আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হবে।
প্রিন্ট করুন







Discussion about this post