মাহাবুল ইসলাম, গাংনী: দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশ নিয়েছেন দণ্ডপ্রাপ্ত আসামি মশিউর রহমান ওরফে মশা (৫০)।
ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে।
জানা গেছে, মশিউর রহমান মেহেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। পিতার মৃত্যুসংবাদ পাওয়ার পর কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
মশিউর রহমানের পিতা মনিরুল ইসলাম (৮০), বার্ধক্যজনিত অসুস্থতায় আজ নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
প্যারোলে মুক্তি পেয়ে মশিউর রহমান পিতার জানাজায় অংশ নেন এবং শেষবারের মতো বাবাকে বিদায় জানান।
আজ বাদ আছর জুগিন্দা গোরস্থান মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। এ সময় এলাকাজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানাজা ও দাফন কার্যক্রম শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মশিউর রহমানকে পুনরায় মেহেরপুর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
প্রিন্ট করুন







Discussion about this post