ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ক্যাম্পাসের বটতলায় গায়েবানা জানাজা আদায় করেন শিক্ষার্থীরা। জানাজা শেষে তাৎক্ষণিকভাবে সেখান থেকেই একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়।
এ সময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদী-হাদী’, ‘হাদী ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘লীগ পাবো যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘একশন একশন, ডাইরেক্ট একশান’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘খুনীদের ফাঁসি চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনীদের রক্ষা নাই’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে তারা বলেন, হাদি সবসময় আধিপত্যবাদের বিরোধিতা ও ইনসাফ শিখিয়ে গেছেন। তিনি সাংস্কৃতিক আগ্রাসন ভাঙতে কাজ করেছেন। খুনী হাসিনার অনুসারিরা হাদীকে হত্যা করেছে। আমরা আজ শুধু হাদী হত্যার বিচারের জন্য আসিনি, আমরা বাংলাদেশ থেকে আধিপত্যবাদের কবর দিতে রাজপথে এসেছি। হাদীর খুনীদের অতিদ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। পতিত আওয়ামীলীগের সন্ত্রাসীদের বিচার করতে হবে। যারা আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে আপনারা সাবধান হয়ে যান। ইন্টেরিম সরকার হাদীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনার নিরাপত্তা দিতে না পারলে অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে দিন। ভারত ও সন্ত্রাসীরা মিলে আমাদের বাঁচতে দিবে না। তাই আমাদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।’
সমাবেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, অন্যায় ও দমনমূলক রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন










Discussion about this post