ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ‘জনসাধারণ’-এর ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে সমবেত হয়।
পরে বিক্ষোভকারীরা সেখানে মহাসড়কে অবস্থান নিলে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, এখনো পর্যন্ত এ হত্যার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানায়।
বিক্ষোভকারীরা জানান, হাদি হত্যার বিচার বিষয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা প্রশাসনের মাধ্যমে আশ্বস্ত না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে ধীরে ধীরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রিন্ট করুন








Discussion about this post