মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের নওপাড়া বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে জব্দকৃত মাংস বিধি মোতাবেক পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পরিচালিত এই অভিযানে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মাংস বিক্রেতা হলেন আফেজ আলী (৫০)। তিনি গাংনী উপজেলার নওপাড়া গ্রামের আব্দুল সামাদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নওপাড়া বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় আফেজ আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে জব্দকৃত মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় বিধি মোতাবেক তা অপসারণ করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম এবং গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট করুন








Discussion about this post