নাজমুল হাসান :
কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অস্থায়ী বাজার, অবৈধ দোকানপাট, অটো স্ট্যান্ড, টেম্পু ও ভ্যান স্ট্যান্ড।
ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা। ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ফুটপাত তো বটেই, অনেক স্থানে সড়কের উল্লেখযোগ্য অংশ দখল করে বসেছে অস্থায়ী ও স্থায়ী অবৈধ স্থাপনা। কোথাও কোথাও মহাসড়কের অর্ধেক অংশ জুড়েই রয়েছে অটো, টেম্পু ও ভ্যান স্ট্যান্ড। এতে করে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।
বিশেষ করে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্ট্যান্ড, আলামপুর স্ট্যান্ড, বিত্তিপাড়া স্ট্যান্ড, লক্ষ্মীপুর স্ট্যান্ড এবং মধুপুর এলাকায় সমস্যার তীব্রতা সবচেয়ে বেশি। মধুপুর কলার বাজারে তো নিয়মিতভাবে মহাসড়কের ডিভাইডারের অর্ধেক অংশ দখল করে বসছে কলার হাট, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার ইউএনও মহোদয় ও কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিমকে একাধিকবার জানানো হলে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার আশ্বাস দেন। তবে বাস্তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
অন্যদিকে, কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ এককভাবে কয়েক দফা অভিযান পরিচালনা করলেও তা স্থায়ী সমাধানে ব্যর্থ হয়েছে।
অত্র এলাকার সচেতন মহল বলেন ,“হাইওয়ে পুলিশের একার পক্ষে মহাসড়ক থেকে অবৈধ বাজার বা অটো-টেম্পু স্ট্যান্ড উচ্ছেদ করা সম্ভব নয়। জেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত অভিযান হলে তবেই স্থায়ী সমাধান সম্ভব।”
স্থানীয় জনসাধারণের অভিযোগ, মহাসড়কের দুই পাশে ফুটপাত দখল করেই অবৈধ দোকান ও স্ট্যান্ড গড়ে উঠেছে। তারা মনে করেন, এসব উচ্ছেদে জেলা প্রশাসনের শক্ত ও নিরপেক্ষ ভূমিকা না থাকলে মহাসড়ক দখলমুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়।
সচেতন মহলের মতে, দ্রুত সমন্বিত অভিযান ও নিয়মিত মনিটরিং না হলে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক যেকোনো সময় বড় দুর্ঘটনার সাক্ষী হতে পারে। তাই জনস্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রিন্ট করুন






Discussion about this post