এনামুল হক কুষ্টিয়া: ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী বৈধ ইজারা ও সরকারের অনুমতি ছাড়া নদী, চর কিংবা তীরবর্তী এলাকা থেকে মাটি ও বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশের ক্ষতি সাধন করাও শাস্তিযোগ্য।
তবে এসব আইন কার্যত উপেক্ষা করেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে গত এক যুগ ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে কোটি কোটি টাকার বাণিজ্য চালানো হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, মাজগ্রাম, ছোট মাজগ্রাম ও জুড়ালপুর এলাকায় প্রতিবছর কয়েক শত বিঘা ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। জমির মান অনুযায়ী প্রতিবিঘা ৫০ হাজার থেকে দুই লাখ টাকায় মাটি কেনাবেচা হচ্ছে। সংশ্লিষ্টরা জমি ব্যক্তিমালিকানাধীন দাবি করলেও আইন অনুযায়ী নদী, চর ও নদীপ্রভাবিত জমি থেকে মাটি কাটা হলেও তা অপরাধ হিসেবে গণ্য হয়, যদি না সরকারিভাবে ইজারা দেওয়া থাকে।
শিলাইদহ ইউনিয়নে বর্তমানে অন্তত ১২টি ইটভাটা রয়েছে। প্রতিটি ভাটায় বছরে ৫০–৬০ লাখ ইট উৎপাদন হয়, যার প্রধান কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে পদ্মা নদী থেকেই।
সরেজমিনে দেখা গেছে, অন্তত ছয়টি ভেকু দিয়ে প্রকাশ্যে মাটি ও বালু কাটা হচ্ছে এবং ভারী যান চলাচলে গ্রামীণ সড়কের কার্পেটিং উঠে গেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডের ফলে ফসলি জমি কমছে, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। অথচ আইন অনুযায়ী এমন কর্মকাণ্ডে জেল, জরিমানা ও যন্ত্রপাতি জব্দের বিধান থাকলেও কার্যকর ব্যবস্থা নেই।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, ইটভাটার কারণে কৃষি জমি ও উৎপাদন কমছে, যা সরকারের কৃষি নীতির পরিপন্থী।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার দাবি করেন, বৈধ ইজারা ছাড়া নদী থেকে মাটি ও বালু কাটার কোনো সুযোগ নেই এবং দ্রুত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এক যুগ ধরে প্রকাশ্যে চলা এই দণ্ডনীয় অপরাধ প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে চলতে পারে? আইন কার্যকর না হলে পদ্মা, কৃষি ও পরিবেশ রক্ষার দায়িত্ব কার?
প্রিন্ট করুন






Discussion about this post