জাহিদ হাসান:
দারিদ্র্যকে জয় করার স্বপ্ন নিয়ে পরিবারের জমানো ৫ লাখ টাকা দিয়ে মোবাইল ব্যবসা শুরু করেছিলেন ভেড়ামারা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রুহুল আমিন। কিন্তু গত ২৯ ডিসেম্বর সকাল ৭টা ৫৪ মিনিটে দিনের আলোতেই তার দোকানে দুর্ধর্ষ চুরি হয়ে যায়।
সিসি ক্যামেরায় চোরের মুখ স্পষ্ট ধরা পড়লেও ২০ দিন পেরিয়ে গেলেও কোনো মালামাল উদ্ধার হয়নি, চোরকেও গ্রেফতার করা যায়নি। এখন রুহুল আমিনের ভাষ্য, “আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। স্বপ্নটা এখানেই শেষ।”
রুহুল আমিনের জীবনের গল্প সাধারণ বাংলাদেশি তরুণের সংগ্রামের প্রতিচ্ছবি। রাজমিস্ত্রির ছেলে হিসেবে জন্ম নেওয়া রুহুল দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। ভেড়ামারা সরকারি কলেজে অনার্স পড়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন। পরিবারের ৫ লাখ টাকা নিয়ে থানার মাত্র ১০০ গজ দূরে ‘মোবাইল মার্ট’ নামে দোকান খোলেন। দোকানে ছিল নানা মডেলের মোবাইল ফোন, অ্যাকসেসরিজ, চার্জার, ইয়ারফোন—সব মিলিয়ে ব্যবসা শুরু হয়েছিল ভালোভাবে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চোর দ্রুতগতিতে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। তার মুখমণ্ডল স্পষ্ট। ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা চিনতে পারেন বলে মনে হয়েছিল, চোর ধরা পড়বে। কিন্তু ২০ দিন অতিবাহিত হলেও কোনো অগ্রগতি নেই।
রুহুল আমিন বলেন, “প্রশাসনের কাছে বারবার গিয়েছি। ছবি দেখিয়েছি, ফুটেজ দিয়েছি। কিন্তু কোনো ফল নেই। আমার সব শেষ। পরিবারে এখন ঋণের বোঝা। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ভেঙে গেছে।”
এ ঘটনা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভেড়ামারায় ছোট-বড় অনেক দোকান আছে, কিন্তু দিনের আলোয় এমন চুরি সাধারণ নয়। প্রশ্ন উঠেছে—সিসি ফুটেজ থাকা সত্ত্বেও কেন চোর ধরা পড়ছে না? প্রশাসনের তৎপরতা কি যথেষ্ট?
রুহুল আমিনের মতো অনেক তরুণ উদ্যোক্তা এখন হতাশ। তিনি বলেন, “আমি শুধু সাহায্য চাই। যেন চোর ধরা পড়ে, মালামাল ফেরত আসে। না হলে আমার মতো আরও অনেকের স্বপ্ন শেষ হয়ে যাবে।”
স্থানীয়দের দাবি, এই ঘটনা শুধু একজন তরুণের ক্ষতি নয়, স্বপ্ন দেখা অন্য তরুণদের জন্য সতর্কবার্তা। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও চোর গ্রেফতার।
প্রিন্ট করুন










Discussion about this post