এসএম জামাল, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুশলীবাসা গ্রামের খোন্দকার পাড়ার মোঃ জসিম উদ্দিন কালুর পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সহায়তার উদ্যোগ “প্রজেক্ট জীবিকা”।
সম্প্রতি জাকাত ফান্ডের অর্থায়নে এই অসহায় পরিবারের জন্য একটি মোটরচালিত ভ্যান কিনে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মোঃ জসিম উদ্দিন কালুর একমাত্র ছেলে কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তিনি দুটি ছোট শিশু নিয়ে চরম দুর্দশায় পড়েন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রজেক্ট জীবিকার আওতায় তাকে স্বাবলম্বী করার লক্ষ্যেই মোটরচালিত ভ্যানটি প্রদান করা হয়।
মহতি উদ্যোগের সাথে সম্পৃক্ত কেএম রবিউল ইসলাম জানান, এই ভ্যানের মাধ্যমে মোঃ জসিম উদ্দিন কালু এখন নিয়মিত আয়ের সুযোগ পাবেন, যা তার পরিবার ও নাতি-নাতনিদের জীবনধারণে বড় সহায়ক হবে। এটি কেবল এককালীন সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদে জীবিকা নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ।
এ সময় উপস্থিতরা বলেন, জাকাত ফান্ডের সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব। যারা আর্থিকভাবে সহযোগিতা করে এই মানবিক কাজটি সম্পন্ন করেছেন, তাদের জন্য সবাই দোয়া করেন যেন আল্লাহ তায়ালা তাদের জাযায়ে খায়ের দান করেন।
সব মিলিয়ে “প্রজেক্ট জীবিকা”র এই উদ্যোগ এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করেছে।
প্রিন্ট করুন








Discussion about this post