প্রতিবেদক গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার ঈদগাহপাড়া এলাকায় বসতবাড়ির পানির পাইপ, পানির ট্যাংকি ও নির্মাণাধীন প্রাচীর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ঈদগাহপাড়া এলাকার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাবিনা খাতুন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, তিনি নিজেই।
লিখিত বক্তব্যে সাবিনা খাতুন বলেন, তিনি চার শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। পৌরসভার নির্দেশনা অনুযায়ী তার জমির এক পাশ দিয়ে রাস্তা রয়েছে। জমির অপর পাশে তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে টয়লেটের ট্যাংকি নির্মাণ করে বসবাস করে আসছেন।
তিনি অভিযোগ করে বলেন, তার প্রতিবেশী আলেহিম মাস্টার, ভুবন, রফছেদ আলী, ইসরাইল হোসেন, আব্দুল আলিম মাস্টারসহ আরও কয়েকজন তার বাড়ির অপর পাশ দিয়েও রাস্তা নেওয়ার দাবি করেন। নিজের চার শতক জমির দুই পাশ দিয়ে রাস্তা দিতে তিনি রাজি না হওয়ায় অভিযুক্তরা জোরপূর্বক তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেন।
সাবিনা খাতুন আরও বলেন, অভিযুক্তরা তাদের নিজস্ব চলাচলের রাস্তা ব্যবহার না করে দীর্ঘদিন ধরে জোরপূর্বক তার বাড়ির দক্ষিণ পাশের জমি দিয়ে যাতায়াত করে আসছিলেন। এতে বাধা দিলে তারা পূর্বেও পানি নিষ্কাশনের জন্য স্থাপন করা পাইপ ভাঙচুর করে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানতে অস্বীকৃতি জানান।
তিনি জানান, সর্বশেষ গত ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা তার বসতবাড়িতে নির্মাণাধীন পানির পাইপ ও পানির ট্যাংকি ভাঙচুর করে প্রায় ৬ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার এসআই শিমুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরবর্তীতে নিজের জমি রক্ষায় প্রাচীর নির্মাণ করলে গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা ওই প্রাচীর পুনরায় ভেঙে দেন। এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করে। প্রতিবেশী চায়না খাতুন ও তার স্বামী নাসির এগিয়ে এলে ২ নম্বর বিবাদী তাদের দু’জনকে মারধর করে বলে অভিযোগ করা হয়।
ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী হিসেবে রিনা খাতুন, চায়না খাতুন, মাহফুজ ইসলামসহ আশপাশের একাধিক ব্যক্তি বিষয়টি জানেন বলে জানান ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রিন্ট করুন






Discussion about this post